নির্বাচনের মুখে ২৪ ঘণ্টায় বদল! রবীন্দ্রনগর থানায় আইসি নিয়ে নাটকীয় রদবদল
সেখ সাবির আলী (রবীন্দ্রনগর )

নির্বাচনের মুখে প্রশাসনিক মহলে বড় রদবদল। আর সেই রদবদল ঘিরেই একদিনে তৈরি হলো চমকপ্রদ পরিস্থিতি।
রবীন্দ্রনগর থানার আইসি সুজন কুমার রায় বদলি হয়ে যাচ্ছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায়। মাত্র আট মাসের কর্মকাল—কিন্তু এই অল্প সময়েই এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি।
সাম্প্রদায়িক উত্তেজনার পরিস্থিতি সামাল থেকে শুরু করে কঠোর আইনশৃঙ্খলা রক্ষা—সব ক্ষেত্রেই ছিল তাঁর দৃঢ় ভূমিকা।
ময়লা ডিপোর ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে আশ্রয়, খাবার, পোশাক ও ছাত্রছাত্রীদের বই-খাতার ব্যবস্থা করেছিলেন তিনি।
নারী শিক্ষার উপর বিশেষ জোর দিয়ে স্বয়ংসিদ্ধা এনজিও-র সঙ্গে যৌথ উদ্যোগে বাল্যবিবাহ রোধে চালান সচেতনতা অভিযান।
একসময় প্রায় প্রতিদিন নাবালিকা বিয়ের অভিযোগ এলেও এখন তা কমে মাসে এক-দু’টিতে নেমে এসেছে।
ফুল আর অশ্রুভেজা বিদায়ে তাঁকে বিদায় জানায় রবীন্দ্রনগর।

কিন্তু চমক এখানেই শেষ নয়।
প্রথমে জানা যায়, তাঁর জায়গায় ফিরছেন মোহাম্মদ ফিরোজ আলী—যিনি আগেও দু’দফায় এই থানার দায়িত্ব সামলেছেন।
,, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বদলে গেল সিদ্ধান্ত।
অবশেষে নতুন নির্দেশ অনুযায়ী, রবীন্দ্রনগর থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন বসিরহাট পুলিশ জেলার হাসানাবাদ থানার আইসি খন্দকার সাইফুদ্দিন আহমেদ।মাত্র এক দিনের পোস্টিং দেখিয়ে, মোহাম্মদ ফিরোজ আলী কে তার পুরনো জায়গায় ডায়মন্ডহারবার পুলিশ জেলার ইন্সপেক্টর অফ পুলিশ ডি আই বি তে ফিরিয়ে দেয়া হলো।
একদিনের মধ্যে প্রশাসনিক এই রদবদল ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা।
রবীন্দ্রনগর থানায় এভাবেই শুরু হচ্ছে নতুন অধ্যায়… আর স্মৃতিতে থেকে যাচ্ছে মানবিক এক আইসির গল্প।
সেখ সাবির আলীর রিপোর্ট
এস এস ষ্টার নিউজ
রবীন্দ্রনগর।