ssstarnewsdigital.com

7003054204

মহেশতলায়,ই এস আই হাসপাতালে সংস্কারের কাজ চলাকালীন ওয়েল্ডিংয়ের ফুল্কি থেকে আগুন ঘটনাস্থল সিল করল পুলিশ,

Oplus_131072

সেখ সাবির আলী,(মহেশতলা)
মহেশতলা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডে অবস্থিত বজবজ ইএসআই হাসপাতালে শনিবার হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হাসপাতালের তিনতলা ভবনের একটি কক্ষে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। আতঙ্কে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে ছুটোছুটি শুরু হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি মহেশতলা থানার পুলিশও আসে পরিস্থিতি সামাল দিতে। প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে দমকল সূত্রে জানা গেছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে ঘরটিতে আগুন লাগে সেখানে সংস্কারের কাজ চলছিল। উপরের অংশে মেরামতি ও সংস্কার কাজের সময় ওয়েল্ডিং মেশিন ব্যবহার করা হচ্ছিল। সেই সময় নির্গত ফুল্কি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান। যদিও আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ এসে যেখানে সংস্কারের কাজ চলছিল সেই অংশটি সিল করে দেয়। আপাতত সেখানে সমস্ত সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনায় বড় কোনও হতাহতের খবর নেই। সময়মতো দমকল পৌঁছে যাওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে হাসপাতালের পরিষেবা কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।