সেখ সাবির আলী (মহেশতলা ):-
প্রভু জগন্নাথ দেব, বলরাম ও শুভ্রার পূজা-অর্চনার মধ্য দিয়ে মহেশতলা পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আকড়া জগন্নাথ নগরে শুরু হল আকড়া বসন্ত উৎসব কমিটির বর্ণাঢ্য অনুষ্ঠান। ভারত বন্দনা সংগীত পরিবেশনের মাধ্যমে শুভ সূচনা হয় এই উৎসবের।
এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর সেই বিখ্যাত গান “ওরে গৃহবাসী” পরিবেশনের সঙ্গে সঙ্গে সমস্ত শিল্পীদের নিয়ে বের হয় বর্ণময় র্যালি। পরে বসন্ত উৎসবের পরিচয় পর্ব শুরু হয় এবং অংশগ্রহণকারী শিল্পীদের একসঙ্গে স্মৃতি ধরে রাখতে আয়োজন করা হয় বিশেষ ফটোশুটের।
বসন্তের রঙিন আবহকে সম্মান জানিয়ে দিনভর অনুষ্ঠিত হয়, রবীন্দ্র সংগীত দিয়ে, এবছর এই উৎসব দশম বর্ষে পদার্পণ করেছে এবং প্রায় চারশো শিল্পী এতে অংশগ্রহণ করেন। শান্তিনিকেতনের বসন্ত উৎসবের আদলে আয়োজিত এই অনুষ্ঠান পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক বিকাশের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
অনুষ্ঠানের মূল দায়িত্বে থাকা সোমনাথ সেন জানান, সারা বছর অক্লান্ত পরিশ্রম ও পরিকল্পনার ফলেই আজকের এই সফল আয়োজন সম্ভব হয়েছে। শুধু মহেশতলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি দেশ ও বিদেশ থেকেও শিল্পী ও অতিথিরা উপস্থিত ছিলেন।
মহেশতলার এই বসন্ত উৎসবকে ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দ ও উৎসবের উচ্ছ্বাস।