ssstarnewsdigital.com

7003054204

মহেশতলায় শোকের ছায়া, প্রয়াত তিনবারের কাউন্সিলর গৌরী নস্কর.


সেখ সাবির আলী (মহেশতলা):-
মহেশতলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌরী নস্করের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। মঙ্গলবার বিকেল প্রায় চারটে নাগাদ কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মহেশতলার গণিপুর এলাকার বাসিন্দা গৌরী নস্করের রাজনৈতিক জীবনের সূচনা ২০০৯ সালে। সে সময় দলীয় টিকিট না পেয়ে তিনি ১৫ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জয়লাভ করেন। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
২০১৫ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে পুনরায় ১৫ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন। ২০২০ সালে পৌরসভা নির্বাচন স্থগিত থাকায় প্রশাসক বোর্ড গঠিত হয়। এরপর ২০২২ সালে তিনি ১৩ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়ে আবারও জয়লাভ করেন। এইভাবে তিনি মোট তিনবারের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তুলেছিলেন এবং সমাজসেবামূলক কাজের জন্য এলাকায় বিশেষভাবে পরিচিত ছিলেন। পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, বই পড়া এবং বিভিন্ন মনীষীর কাব্যগ্রন্থ পাঠ ছিল তাঁর নেশা।
ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন। একটি সন্তান দত্তক নিয়েছিলেন—অয়ন নস্কর, যার বর্তমান বয়স আনুমানিক কুড়ি বছর।
দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। প্রায় একমাস আগে গুরুতর অসুস্থ হয়ে প্রথমে মহেশতলার মোল্লার গেট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর প্রয়াণ ঘটে।
তাঁর প্রয়াণে মহেশতলার রাজনৈতিক ও সামাজিক জীবনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকা এই জনপ্রিয় জননেত্রীর অভাব আজ অনুভব করছেন এলাকার প্রতিটি মানুষ।
নিঃস্বার্থ সমাজসেবা, সহজ-সরল জীবনযাপন এবং মানুষের সঙ্গে গভীর সংযোগ—এই গুণেই তিনি সবার মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন।
গণিপুর থেকে শুরু করে সমগ্র মহেশতলায় আজ নেমে এসেছে শোকের আবহ। নীরবে চোখের জলে, শ্রদ্ধায় স্মরণ করছেন তাঁকে অসংখ্য মানুষ।
গৌরী নস্করের এই প্রয়াণ শুধুমাত্র একজন জনপ্রতিনিধির মৃত্যু নয়, এক মানবিক ও নিবেদিতপ্রাণ মানুষের বিদায়—যাঁর শূন্যতা দীর্ঘদিন অনুভূত হবে।