video-output-B15B915E-E793-4358-BBF1-6A63E23C7971-1
সেখ সাবির আলী (মহেশতলা )
মহেশতলা পৌরসভার ৩১ নম্বর ওয়ার্ডের একটি অভিজাত আবাসনের পাঁচতলা বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিকেলের দিকে আচমকাই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেই সময় বাড়িতে এক বৃদ্ধ দম্পতি উপস্থিত ছিলেন। রান্না চলাকালীন হঠাৎ স্বামীর ডাকে স্ত্রী অন্য ঘরে গেলে রান্নার কড়াইয়ের গরম তেলে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের বিভিন্ন অংশে। আগুনের তীব্রতায় ঘরের অধিকাংশ আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখতে পেয়ে কোনওক্রমে নিচে নেমে এসে প্রতিবেশীদের খবর দেন ওই দম্পতি। আবাসনের বাসিন্দারা প্রথমে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে দমকলকে খবর দেওয়া হলে একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় বড়সড় প্রাণহানির খবর না থাকলেও ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও স্থানীয় প্রশাসন।