ssstarnewsdigital.com

7003054204

সন্তোষপুর গভর্নমেন্ট কলোনিতে ৫০ বছরের ঐতিহ্যে দোল-পূর্ব অনুষ্ঠান, বিষ্ণু পুজো ও বুড়ির ঘর দহনে উপচে পড়া ভিড়

সেখ সাবির আলী (মহেশতলা ):-দোল যাত্রার আগের দিন ঐতিহ্য মেনে সন্তোষপুর গভর্নমেন্ট কলোনি অধিবাসী ও মহেশতলা পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের মোল্লার গেট কল্যাণ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল দোল-পূর্ব বিশেষ অনুষ্ঠান। প্রায় ৫০ বছর ধরে চলে আসা এই আয়োজনে এদিনও দেখা গেল ব্যাপক উৎসাহ ও ভিড়।
বিকেল পাঁচটায় বিষ্ণু পুজোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সন্ধ্যা ছটা থেকে রাত নটা পর্যন্ত চলে সাংস্কৃতিক পর্ব—কীর্তন, বাউল গানসহ বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতির বিভিন্ন পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১২০ কেজি আলু দিয়ে তৈরি আলু কাবলি, যা উপস্থিত সকলের মধ্যে বিতরণ করা হয়। রাত ন’টায় পুরনো রেওয়াজ মেনে বুড়ির ঘর দহন করা হয়। উল্লেখ্য, দোলের আগের দিনের এই আচার একসময় ‘ন্যাড়াপোড়া’ নামে পরিচিত ছিল, যা অশুভ শক্তির দমনের প্রতীক।
শেষে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। ৮ থেকে ৮০—সব বয়সের মানুষের উপচে পড়া ভিড় এদিনের অনুষ্ঠানে নজর কেড়েছে।