

সেখ সাবির আলী (মহেশতলা):-
দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা বিধানসভা এলাকায় নির্বাচন ঘোষণার আগেই শুরু হয়েছে নিরাপত্তা জোরদার করার প্রক্রিয়া। শুক্রবার মহেশতলা পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের রায়পুর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ করতে দেখা যায়।
এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড় ঘুরে রুট মার্চ করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতেই এই রুট মার্চের আয়োজন করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, ভোটের আগে কেন্দ্রীয় বাহিনীর টহল থাকলে এলাকায় নিরাপত্তা বাড়ে এবং সাধারণ মানুষ নিশ্চিন্তে ভোট দিতে পারেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে মহেশতলার রায়পুর এলাকায় এদিনের এই রুট মার্চ ঘিরে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতূহল দেখা যায় এবং রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নানা আলোচনা।