

সেখ সাবির আলী:-
মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে মহিলাদের কর্মী সম্মেলন ঘিরে দেখা গেল ব্যাপক জনসমাগম। কাউন্সিলার গোপাল সাহার ডাকে আয়োজিত এই সম্মেলন কার্যত জনজোয়ারে পরিণত হয়, যেখানে এলাকার মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি নজর কাড়ে।
সম্মেলন মঞ্চ থেকেই গোপাল সাহা জোর গলায় ঘোষণা করেন, উন্নয়নের নিরিখে মহেশতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাসকে এক লক্ষেরও বেশি ভোটে জিতিয়ে আনা তার অঙ্গীকার। তিনি জানান, এই প্রতিশ্রুতি তিনি ইতিমধ্যেই সাংসদকে দিয়েছেন এবং সেই লক্ষ্য পূরণে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবেন।
শুধু তাই নয়, নিজের ৩৪ নম্বর ওয়ার্ডকে বিধানসভার মধ্যে সর্বাধিক লিড দেওয়া ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কথাও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তিনি। তার দাবি, একসময় এই ওয়ার্ড ছিল মহেশতলা পৌরসভার অন্যতম পিছিয়ে পড়া এলাকা—যেখানে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ কোনও পরিষেবাই ঠিকমতো ছিল না।
ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক ব্যানার্জীর সহযোগিতায় এবং গোপাল সাহার উদ্যোগে সেই চিত্র আজ বদলে গেছে বলে দাবি। বর্তমানে এলাকায় উন্নত রাস্তা, পর্যাপ্ত আলো, পানীয় জলের সুব্যবস্থা এবং বহু বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। সংসদের সহযোগিতায় একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে উন্নয়ন শুধুমাত্র পরিকাঠামোতেই সীমাবদ্ধ নয় বলেও স্পষ্ট করেন গোপাল সাহা। তার লক্ষ্য, ৩৪ নম্বর ওয়ার্ডের প্রতিটি ছেলে-মেয়ে যেন শিক্ষার মাধ্যমে এগিয়ে যায় এবং ইংরেজিতে দক্ষ হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে। জুট মিল শ্রমিক অধ্যুষিত এই এলাকায় তিনি বার্তা দেন—“শ্রমিকের ছেলে শ্রমিকই হবে, এই ধারণা বদলাতে হবে।”
এই লক্ষ্যেই তিনি এলাকায় স্কুল নির্মাণের জন্য জমি প্রদান করেছেন এবং উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে উদ্যোগ নিয়েছেন বলে জানান।
উল্লেখ্য, গতকাল মহেশতলা বিধানসভার বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের ডাকে ২৬টি ওয়ার্ড নিয়ে অনুষ্ঠিত কর্মী সম্মেলনেও গোপাল সাহা একই সুরে বক্তব্য রাখেন। সেখানেও তিনি এক লক্ষের বেশি ভোটে জয়ের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বলেন, প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবেন, এমনকি মানুষের পায়ে পড়তেও রাজি—কিন্তু রেকর্ড জয় নিশ্চিত করাই তার একমাত্র লক্ষ্য।
এদিকে, আগামী বুধবার ৩৪ নম্বর ওয়ার্ডের রথতলা থেকে শুরু করে পুরো এলাকাজুড়ে মহিলাদের এক বিশাল মিছিলের ডাক দিয়েছেন গোপাল সাহা, যা ঘিরে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু হয়েছে।
সমগ্র ঘটনাকে ঘিরে মহেশতলার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।